এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে আছে। এ বছর মোট ৯ লাখ ১১ হাজার ছাত্রী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন পাস করেছেন। পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ।

অপরদিকে ছেলেদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। এ বছরে মোট ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন।

এছাড়া ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন।

এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৭৬।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ পরীক্ষার্থী ছিল।