আগামীতে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি বা জীবিকার ব্যবস্থা করা একটি বিশাল চ্যালেঞ্জ হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ, সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য 'মুক্ত আলোচনা ও তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গ' শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএস সভাপতি জিল্লুর রহমান।
আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশ প্রেক্ষাপটে বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও এর বাস্তব চিত্র অর্থনীতির পাঠ্যপুস্তকে বর্ণিত বেকারত্বের ধারণার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতি বহুমাত্রিক ও বৈচিত্র্যময়। যদিও এখন ৪ দশমিক ৬৩ শতাংশ বেকারত্বের হারকে অর্থনীতির পাঠ্যপুস্তকের সংজ্ঞায় ততটা বড় সংকট হিসেবে দেখছি না। তবে, বিশ্বব্যাংক ও আইএমএফের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা এবং ছদ্ম বেকারত্বের মতো জটিল বাস্তবতার কারণে তরুণ সমাজ বিভ্রান্ত হচ্ছে। তাদের কর্মসংস্থান নিশ্চিত করাই ভবিষ্যতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে তিনি মনে করেন।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, বিশ্বব্যাংক বলছে, দেশে বেকারত্ব বেড়েছে। সেই সঙ্গে দারিদ্রসীমার নিচের মানুষের সংখ্যাও বেড়েছে। এগুলো কিন্তু ভালো কোনো লক্ষণ নয়। যা দেখা যাচ্ছে সেটা খুবই উদ্বেগজনক। মব এবং রাজনৈতিক সংস্কৃতি এখনো বড় চ্যালেঞ্জ। এনার্জি ক্রাইসিস নিয়ে আমাদের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই।
অর্থনীতিবিদ ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ বলেন, ওভারসিজ এমপ্লয়মেন্ট এবং রেডিমেড গার্মেন্টস আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু এটা আমাদের জন্য যথেষ্ট না। প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের দেশের বিভিন্ন খাতে উন্নয়ন করা সম্ভব।
অর্থনীতিবিদ ড. সায়েমা হক বিদিশা বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কাজ শুরু করেছি, যেখানে শিক্ষার্থীদের চাকরির বাজারের জন্য প্রস্তুত করে তুলতে বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবরেশন করে তাদের অন্তর্ভুক্ত করছি। শহর এলাকায় ডে-কেয়ার সেন্টার নারীদের কর্মসংস্থানের ওপর একটি বিশেষ ভূমিকা রাখে। এগুলোর ওপরেও আমাদের খেয়াল রাখতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, পরিসংখ্যান বলে চাকরির অভাব, কিন্তু বাস্তবতা বলে দক্ষ কর্মক্ষমতার অভাব। একজন গ্রাফিক ডিজাইনার এসএসসি পাশ ব্যক্তি হয়েও একজন গ্র্যাজুয়েটের থেকে বেশি টাকা উপার্জন করছে। আমরা অনেক অনেক তরুণদের গ্র্যাজুয়েট হিসাবে তৈরি করছি, কিন্তু তাদের কোথায় পাঠাচ্ছি সেটা নিয়ে আমাদের ভাবনা নেই। অনেকে ভাষা না জেনে বিভিন্ন দেশে যাচ্ছে। তাদের যথাযথভাবে প্রস্তুত করতে হলে আমাদের কী করতে হবে সে বিষয়ে ভাবা দরকার। এখন এআই এবং রোবোটিক্সের যুগ। আমাদের অনেক বেশি প্রযুক্তির ভাষা জানা প্রয়োজন, এগুলো দিয়েই ভবিষ্যতের কর্মসংস্থান তৈরি হবে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জুলাই আন্দোলনের আগে ও পরে আইন-কানুন ও বাস্তব পরিস্থিতির মধ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। গত তিন মাসে গণভোট বা গণতান্ত্রিক অংশগ্রহণ নিয়ে কোনো প্রচারণা দেখা যায়নি এবং কোনো কার্যকর সংস্কারও হয়নি। বাংলাদেশে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত হবে না এবং দেশ আরো গভীর সংকটে পড়বে। দেশে বিনিয়োগ না হওয়ার অন্যতম কারণ হলো রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল সরকার ব্যবস্থা।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবশক্তি। কিন্তু তার মধ্যে শিক্ষিত বেকার অনেক, কর্মসংস্থান তেমনভাবে তৈরি হয়নি। আমরা দেখছি, তরুণরা দেশের পরিবর্তন এবং সংস্কার দেখার জন্য এ অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু তারাই আজ হতাশ। তারুণ্যের অংশগ্রহণ মানে এই না যে, তাকে আমরা মন্ত্রিত্বে বা সংসদে বসিয়ে দিলাম। এতে করে দেশের খুব লাভ হয় বলে মনে করি না। সবারই একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, তরুণদেরও সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে দিতে হবে।
অনুষ্ঠানে সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, বিএনপির মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কো-অর্ডিনেটর দিদারুল আলম ভূইয়া, সিজিএস এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসীও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।










