২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মোট এক লাখ এক হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে এর মধ্যে পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে সবেচেয়ে বেশি ফল খারাপ করেছে নোয়াখালী জেলা। একই সাথে পাসের হার সর্বোচ্চ কুমিল্লা জেলায়- ৫২ দশমিক ১৫ শতাংশ
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে সবেচেয়ে বেশি ফল খারাপ করেছে নোয়াখালী জেলা। এ জেলায় পাসের হার ৪০ দশমিক ৪৩ শতাংশ। পাসের হার সর্বোচ্চ কুমিল্লা জেলায় ৫২ দশমিক ১৫ শতাংশ। এবার শূন্য শতাংশ পাস করেছে নয়টি প্রতিষ্ঠানে, শতভাগ পাস করা প্রতিষ্ঠান পাঁচটি।
কুমিল্লা বোর্ডের ফলাফল বিশ্লেষণে আরো দেখা যায়, ফেনী জেলার পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ, লক্ষ্মীপুরে ৪৮ দশমিক ৯৫ শতাংশ, চাঁদপুরে ৪৮ দশমিক ৬২ শতাংশ, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫১ দশমিক ৮১ শতাংশ।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম জানান, অন্যান্য সময়ে কেন্দ্রের সংখ্যা অনেক বেশি ছিল। এবার ১৬২টি কেন্দ্র বাতিল করা হয়েছে। এছাড়া ইংরেজিতে পাসের হার ৬৫ দশমিক ২৮ শতাংশ। উচ্চতর গণিতেও পাসের হার কম। ইংরেজিতে ফেলের হার বেশি থাকায় সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।
তিনি আরও জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১ হাজার ৯৯৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৯ হাজার ৫৭৬ জন। পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ৫২৪ জন, পাস করেছে ৩০ হাজার ৭০১ জন। পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। ছেলে পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৯০০ জন, পাস করেছে ১৭ হাজার ৯৫৬ জন। পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ। মেয়েদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৭৪৯ জন। ছেলেদের মধ্যে পেয়েছে ৯৫৮ জন।










