ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন। আগামী ১১ জানুয়ারি তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে, তিনি তিনবার তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ট্রেসি অ্যান জ্যাকবসন সম্প্রতি নিকট প্রাচ্য বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেন।
জ্যাকবসন কূটনৈতিক জীবনের পাশাপাশি ফরেন সার্ভিসের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন ও ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জ্যাকবসন ওয়াশিংটন ডিসির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি ও সিনিয়র ডিরেক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি লাটভিয়ার রিগায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ট্রেসি জ্যাকবসন জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে তিনি সেক্রেটারির ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড, দুইটি প্রেসিডেন্সিয়াল র্যাঙ্ক অ্যাওয়ার্ড এবং দ্য অর্ডার ফর পিস, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যানিজম ‘ইব্রাহিম রুগোভা’ সহ একাধিক সম্মাননা পেয়েছেন।
জ্যাকবসন দায়িত্ব গ্রহণের পর মেগান বোল্ডিন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে তার আগের দায়িত্ব আবারো গ্রহণ করবেন।










