অনলাইনে ৫ লাখের বেশি করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ২৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২ লাখ ১৭ হাজার ৪৭১টি। যা চলতি বছরের একই দিন অর্থাৎ ২৪ নভেম্বর তারিখে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ৫ লাখ অতিক্রম করেছে (প্রবৃদ্ধি ১২৯ শতাংশ)। একই সঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ১২ লাখ ৫০ হাজার অতিক্রম করেছে।
এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণীর করদাতারা সহজে এবং দ্রুত তাদের ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলপূর্বক দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। একই সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট বা ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয়ের (অ্যাডজাস্টমেন্ট অব ট্যাক্স রিফান্ড) সুবিধা পাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এরই মধ্যে সব তফশিলি ব্যাংক, মোবাইল টেলিকম প্রতিষ্ঠান, কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিনিধি, আয়কর আইনজীবী ও প্রশিক্ষণপ্রার্থী করদাতাসহ প্রায় ২ হাজার ৪০০ জনকে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।










