দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে বগুড়ায় দুজন নিহত হয়েছেন। এছাড়া মাগুরা ও দিনাজপুরে আরো দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
বগুড়া: কাহালু উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের নারহট্ট ভেঁপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শিকড় গ্রামের মৃত ওসমানের ছেলে নূর আলম (৫০) ও পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোফাজ্জল হোসেন (৩৬)।
বগুড়ার কাহালু থানার ওসি আব্দুল হান্নান জানান, নূর আলম ভ্যানে করে বিবিরপুকুর থেকে মোফাজ্জল হোসেনকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। নারহট্ট ভেঁপড়া এলাকায় পৌঁছলে ভ্যানটি বিকল হয়ে যায়। এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয় এবং প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক নূর আলম। আহত মোফাজ্জলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তিনিও মারা যান।
মাগুরা: ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় লাইলি বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে মাগুরা সদরের ভায়না টিঅ্যান্ডটি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাইলি বেগম ভিটাসাইর গ্রামের মঞ্জুর মোল্যার স্ত্রী।
পুলিশ ও পথচারীরা জানায়, সাতক্ষীরা থেকে সারদিয়া পরিবহন একটি বাস ফরিদপুরে যাচ্ছিল। ভায়না মোড় এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি। এ সময় মোটরসাইকেলে থাকা ওই বৃদ্ধ ছিটকে রাস্তায় পড়ে যান। সে সময় বাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ওসি আলমগীর কবির জানান, বাস ও চালক আজহার আলীকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার অভিযোগ দিলে মামলা হবে। তবে তারা মামলা দিতে না চাইলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দিনাজপুর: জেলার ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনামুখী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া উদয়ধুল এলাকার মৃত মহসিন আলীর ছেলে।
পুলিশ জানায়, আবুল হোসেন সকালে নিজের ধানের জমিতে কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সোনামুখী বাজারে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে দিনাজপুরমুখী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই আবুল হোসেন মারা যান। বাসটি শনাক্ত করা যায়নি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।










