ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। আজ শনিবার (৩ আগস্ট) বেলা ৩টা থেকে শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ। এর আগে বেলা ১টা ৩০ মিনিট থেকেই আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন। 

সরেজমিনে দেখা যায়, ঢাকার বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা শহীদ মিনারে যাচ্ছেন। ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ আশপাশের এলাকা থেকে আন্দোলনকারীরা পায়ে হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকসহ নানা শ্রেণী-পেশার মানুষও এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এ সময় শহীদ মিনারে আসা আন্দোলনকারীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। 

এর আগে শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শনিবার বিকেল ৩টায় আন্দোলনরত ছাত্র-জনতাকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানান।