ঢাকার বাতাসে দূষণের মাত্রা আজ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে আছে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ মঙ্গলবার সকাল ১০টার রেকর্ড অনুযায়ী, ১৩৯ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তালিকায় প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তিনটি শহরই ভারতের।

আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৫৩৫। ২৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় স্থানে মুম্বাই, স্কোর ১৭২। ১৭০ স্কোর নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে কলকাতা ও উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।