যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মারুফ হোসেন খোকনের বাসভবনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মারুফ বঙ্গবন্ধুর সহচর প্রয়াত অ্যাডভোকেট মোশাররফ হোসেনের ছেলে। বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের পাইপপট্টি এলাকার ওই বাড়িতে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত না হলেও মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়ে। ঘটনার সময় মোশাররফ হোসেনের স্ত্রী বেগম নুরুননাহারসহ (৯২) পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যদের ধারণা, বৃহস্পতিবার যশোরে থমথমে পরিস্থিতির মধ্যে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান মারুফ হোসেন খোকন। এ কারণে রাজনৈতিক দুবৃর্ত্তরা এ হামলা করতে পারে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক জানান, বিষয়টি জানার পর রাতেই টহলরত পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ আলামত উদ্ধার করেছে। এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনেকেই এখন আতঙ্কে রয়েছেন। তবে শহরে রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।