পদ্মা সেতুর সুফল পাচ্ছেন দেশের গার্মেন্ট ব্যবসায়ীরা। গত বছরের ২৫ জুন সেতু উদ্বোধনের পর বিপুল পরিমাণ তৈরি পোশাক মোংলা বন্দর দিয়ে রফতানি হয়েছে। ঢাকা থেকে মোংলার দূরত্ব কম হওয়ায় মূলত খরচ কমাতেই গার্মেন্ট ব্যবসায়ীরা এ বন্দরকে বেছে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে ঢাকার ১০টি গার্মেন্টের বিপুল পরিমাণ পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশে মোংলা বন্দর ছেড়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমভি মার্সক কিনঝো।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামন বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা বন্দরের ব্যস্ততা অনেক বেড়েছে। এছাড়া বন্দরের সক্ষমতাও বেড়েছে কয়েক গুণ। এ কারণে ব্যবসায়ীরা পণ্য রফতানির ক্ষেত্রে মোংলা বন্দরকে বেছে নিচ্ছেন। সেতু চালু হওয়ার পরে পাঁচবার আমাদের বন্দর দিয়ে পোশাক কারখানার পণ্য রফতানি হয়েছে।’
মাকরুজ্জামান আরো বলেন, ‘ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার। সেখানে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। আগে ফেরি থাকার কারণে ব্যবসায়ীরা ভোগান্তির জন্য মোংলা বন্দর ব্যবহার করতে চাইতেন না। এখন যেহেতু ঢাকা ও মোংলার মধ্যে কোনো ফেরি নেই, তাই পদ্মা সেতু হয়ে সরাসরি মোংলা বন্দর দিয়ে পণ্য রফতানি করায় তাদের আগ্রহ বেড়েছে। এছাড়া মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদে হয়। জেটির ভেতর কনটেইনার স্টাফিং সুবিধা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ বন্দর হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে মোংলা।’
জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা থেকে তৈরি পোশাকের প্রথম চালান গিয়েছিল গত বছরের ২৭ জুলাই। তবে এখন পর্যন্ত কী পরিমাণ পোশাক কারখানার পণ্য মোংলা বন্দর দিয়ে রফতানি হয়েছে তা জানাতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। সর্বশেষ পোল্যান্ডের উদ্দেশে ছেড়ে যাওয়া জাহাজে থাকা পণ্যের মধ্যে বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যান্ড, লেগিংস, টাউজারসহ বিভিন্ন তৈরি পোশাক পণ্য রয়েছে। এসব পণ্য রফতানিকারক কোম্পানিগুলো হলো ঢাকার ফকির নিটওয়্যার লিমিটেড, এপেক্স লিংগারি লিমিটেড, এপেক্স স্পিনিং লিমিটেড, নিট কনসার্ন লিমিটেড, ফ্লামিংগো ফ্যাশন লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, লিবার্টি নিটওয়্যার লিমিটেড, একেএম নিটওয়্যার লিমিটেড, স্টার্লিং ডেনিমস লিমিটেড ও স্টার্লিং স্টাইলস লিমিটেড।
‘এমভি মার্সক’ নামে আরো একটি জাহাজে করে একই ধরনের তৈরি পোশাক রফতানির জন্য প্রস্তুতি চলছে। সব প্রক্রিয়া শেষে এ জাহাজটি ২২ জুন মোংলা বন্দর ছেড়ে যাওয়ার কথা।










