কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। গতকাল দুপুরে গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে সঙ্গে নিয়ে নগরীর নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দেখা করতে আসা অধ্যক্ষদের মধ্যে টুকটাক কথাকাটাকাটি ও হাতাহাতি হয়েছে। এ সময় তিনি তাদের নিবৃত্ত করা চেষ্টা করেন।
সংবাদ সম্মেলনে ফারুক চৌধুরী বলেন, সেদিন তারা (অধ্যক্ষরা) বিভিন্ন বিষয় নিয়ে আমার এখানে দেখার করার জন্য এসেছিলেন। নিজেদের মধ্যেই টুকটাক কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতিও হয়। আমি উঠে গিয়ে তাদের থামিয়েছি।
হকিস্টিক দিয়ে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি সেটি ভিত্তিহীন দাবি করে বলেন, এ ঘটনায় তার পারিবারিক, রাজনৈতিক, সামাজিক ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ সময় সংসদ সদস্য ফারুক চৌধুরীর পাশেই বসে ছিলেন অধ্যক্ষ সেলিম রেজা। তিনিও পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রকৃতপক্ষে আমরা কয়েকজন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ঈদ উপলক্ষে এমপি সাহেবের অফিসে দেখা করতে গিয়েছিলাম। এ সময় আমাদের অধ্যক্ষ ফোরামের কমিটি গঠন ও অভ্যন্তরীণ অন্যান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সংসদ সদস্য আমাদের নিবৃত্ত করেন। এছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি।
কোন বিষয় নিয়ে এমপির সামনে মারামারিতে জড়িয়ে পড়তে হলো সাংবাদিকদের এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি অধ্যক্ষ সেলিম রেজা। এ সময় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ সেলিম রেজার পাশে ছিলেন গোদাগাড়ীর মাটিকাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আউয়াল রাজু। তিনি দাবি করেন সংসদ সদস্য নয়, তার সঙ্গেই অধ্যক্ষ সেলিম রেজার ধাক্কাধাক্কি হয়েছে।
এদিকে গোদাগাড়িতে কলেজ অধ্যক্ষকে সংসদ সদস্যের মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী, আইনজীবী, শিক্ষকসহ দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিক। গতকাল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। এছাড়া এ বিষয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে ওই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করা হয়। অধ্যক্ষের ওপর সংসদ সদস্যের বর্বরোচিত হামলা নাগরিকের নিরাপত্তাহীনতা ও দুঃশাসনের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে গণফোরাম।










