রাঙ্গামাটি জেলা শহরের বনরূপায় এক রেস্টুরেন্টকর্মীর ছুরিকাঘাতে ইজাজুল হক রাব্বি (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল ভোর ৫টার দিকে বনরূপা ফরেস্ট রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত রাব্বি শহরের বনরূপা কাটাপাহাড় এলাকার মোজাম্মেল হকের ছেলে। তার একটি জুতার দোকান ছিল। হত্যাকাণ্ডে জড়িত সেলিম মাহমুদ (৩৪) বনরূপায় অবস্থিত ‘ম্যাগপাই’ নামের একটি রেস্টুরেন্টের কর্মী। সেলিম নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের মো. মাহমুদের ছেলে।
আসামির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে নিহত রাব্বি ও হত্যাকাণ্ডে জড়িত সেলিম দুজনই পূর্বপরিচিত ও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। আসামি সেলিম নিহত রাব্বির কাছে টাকা পেতেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় তাদের দুজনের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। একপর্যায়ে রাব্বি সেলিমকে মারধর করে। পরে সেলিম তার বাসায় চলে যায়। ভোর সাড়ে ৪টার দিকে নিহত রাব্বি আসামি সেলিমকে আবারো ফোন করে ঘটনাস্থলে নিয়ে যায় এবং পুনরায় কথা কাটাকাটি হয়। এ সময় সেলিম তার সঙ্গে থাকা ছুরি দিয়ে রাব্বিকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় বনরূপা বাজারের নৈশপ্রহরী মো. আমির হোসেন (৩৫) এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও ঘটনার বিবরণ জানাতে গতকাল বিকাল ৩টায় নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মীর আবু তোহিদ। পুলিশ সুপার জানান, নিহত ব্যক্তি ও আসামির মধ্যে বন্ধুত্ব ছিল। টাকা পয়সা নিয়ে বিবাদে ছুরিকাঘাতে একজন আরেকজনকে খুন করেছে।










