যশোর শহরের বড় বাজারের প্রায় ৩০০ চাল ব্যবসায়ী পৌরসভার ইজারাদারের খাজনা বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার ধর্মঘট পালন করবেন। খাজনা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে তারা গতকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, বড় বাজারের চাল ব্যবসায়ীরা সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। কিন্তু করোনার দুর্যোগের সময়ে বাজারের ইজারাদার খাজনা বৃদ্ধি করেছেন। এতে চালের দামে প্রভাব পড়তে পারে।

যশোর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ জানান, আমরা সরকার নির্ধারিত প্রতি ১০০ কেজি চালে ৬ টাকা এবং চাটিপ্রতি (যেখানে বসে চাল বিক্রি হয়) ১০ টাকা দিয়ে থাকি। কিন্তু বর্তমান ইজারাদার সব মিলিয়ে ৩০ টাকা নির্ধারণ করেছেন। এতে ৩০০ চাল ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা গতকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। আজ একদিনের জন্য প্রতীকী ধর্মঘট পালন করা হবে।

এ ব্যাপারে বাজারের ইজারাদার পৌর কাউন্সিলর বাবলু কুমার নাথ জানান, চাল ব্যবসায়ীদের খাজনা পৌরসভার মেয়রের রেট অনুযায়ী বাড়ানো হয়েছে। চাল ব্যবসায়ীরা প্রতিদিন হাজার হাজার টাকার ব্যবসা করলেও খাজনা দিচ্ছে মাত্র ১০-১২ টাকা।