নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ‘ডি’ গ্রুপ থেকে বাকি এক টিকিটের জন্য এখন লড়ছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলংকা ও নেপাল। এ চার দলের মধ্যে এগিয়ে থাকা বাংলাদেশ ও নেদারল্যান্ডস আজ মুখোমুখি হচ্ছে। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
গতকাল সকালে ফ্লোরিডায় নেপাল ও শ্রীলংকার ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় উভয় দল পেয়েছে সমান ১ পয়েন্ট করে। এ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় লাভবান হয়েছে বাংলাদেশ, সঙ্গে নেদারল্যান্ডসও। বাংলাদেশ ও নেদারল্যান্ডস দুটি দলেরই ঝুলিতে সমান ২ পয়েন্ট এবং দুটি দলই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। এছাড়া বাংলাদেশ হারিয়েছে শ্রীলংকাকে, আর ডাচরা হারায় নেপালকে। সমানতালে ছুটে চলা টাইগার ও ডাচ উভয়েরই সুযোগ আছে সুপার এইটে যাওয়ার।
তবে ডাচদের শেষ ম্যাচটা শ্রীলংকার বিপক্ষে বলে তাদের কাজটি একটু কঠিনই। আর বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ক্রিকেটের অপেক্ষাকৃত নবীন দল নেপালের বিপক্ষে। তবে শেষ ম্যাচের সমীকরণে যাওয়ার আগে আজ জিততে হবে নাজমুল হোসেন শান্তদের। আজ তারা হেরে গেলেও সুযোগ থাকবে। তখন শেষ ম্যাচে নেপালকে অবশ্যই হারানোর একটা চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ এবং সঙ্গে থাকবে কঠিন সমীকরণও। তাই আজ জিতলেই অনেকটা নিরাপদে চলে যাবে বাংলাদেশ দল।
আজকের ম্যাচ পর্যন্ত সুযোগ টিকে আছে শ্রীলংকার। ম্যাচটি যদি বৃষ্টিতে ভেস্তে যায় তখন দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে এবং দুই দলের পয়েন্ট দাঁড়াবে সমান ৩। শ্রীলংকা তখন প্রার্থনা করবে যেন শুক্রবার নেপালকে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা, এরপর রোববার নেপাল হারিয়ে দেয় বাংলাদেশকে। এমনটি ঘটলে রোববার সেন্ট লুসিয়ায় তারা নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইট উঠতে পারবে।
তবে লংকানদের জন্য এমন সমীকরণ মেলানো দুরূহই বটে। আজ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে একটি দল জিতলেই বিদায় নেবে শ্রীলংকা।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয় দলই দুদিনের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। নেদারল্যান্ডস ৯ উইকেটে ১০৩ রান তুলে হেরেছে ৪ উইকেটে। দুদিন পর প্রোটিয়াদের কাছে মাত্র ৪ রানে হেরেছে বাংলাদেশ। লো-স্কোরিং ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ তীরে এসে তরী ডোবে শান্ত-সাকিবদের। শেষ ওভারের পঞ্চম বলে কেশব মহারাজের ফুল-টসে ছক্কা মারতে গিয়ে লং-অনে এইডেন মার্করামের হাতে ধরা পড়েন মাহমুদউল্লাহ। জাকের আলী, রিশাদ হোসেনের মতো বিগ হিটারও এদিন কাঙ্ক্ষিত বাউন্ডারি মেরে দলকে জেতাতে পারেননি।
চলতি বিশ্বকাপে তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ ছাড়া আর কেউই ব্যাট হাতে বলার মতো সফলতা পাচ্ছেন না। ডাচদেরও একই সমস্যা। টুর্নামেন্টে তাদের একমাত্র ফিফটি করেছেন ম্যাক্স ও’ডাউড।
টাইগার ও ডাচরা নিউইয়র্কে বিধ্বস্ত হওয়ার পর আজ নতুন ভেন্যুতে নতুন আশা নিয়ে নামবে। কিংসটাউনের আর্নস ভেইল স্টেডিয়ামে ১০ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। এমনকি মাঝের সময়টায় এখানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচও হয়নি। ফলে এখানের পিচ সম্পর্কে দুই দলেরই ধারণা এ মুহূর্তে একেবারেই কম। তবে নিউইয়র্কের মতো ব্যাটারদের জন্য বধ্যভূমি যে হবে না, সেটি নিশ্চিতই বলা যায়। খারাপ সময় পেছনে ফেলে দুই দলেরই ব্যাটিং ইউনিট কিংসটাউনে ভালো অভিজ্ঞতার খোঁজে নামছে আজ।
গত ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা পান জাকের আলী। আজ একাদশ কী হবে, সেটি গতকাল পর্যন্ত অস্পষ্টই ছিল। ব্যাটিংয়ের বিচারে বললে বাংলাদেশের কাছে বিকল্প আছে আর সৌম্য সরকার ও অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে মুখোমুখিতে ৪-৩ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে তিনবারের মুখোমুখিতে বাংলাদেশ দুটি জিতেছে এবং দুটিই বিশ্বকাপে। ২০১৬ সালে ভারতের ধর্মশালায় ও ২০২২ সালে অস্ট্রেলিয়ার হোবার্টে ডাচদের হারায় টাইগাররা। তবে সর্বশেষ লড়াইটা জিতেছে ডাচরা। গত বছর কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপ ম্যাচে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ। ওই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকেও হারানোর কৃতিত্ব দেখায় কমলা রঙা জার্সিধারীরা। সেই সঙ্গে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা প্রোটিয়াদের হারানোর কৃতিত্ব দেখায়। কাজেই বড় মঞ্চে বড় দলকে হারানোর অভিজ্ঞতা তাদের আছে। বাংলাদেশকে তাই আজ যে ভীষণ সতর্ক হয়ে খেলতে হবে, এটা বলাই বাহুল্য।
এদিকে, আজ ত্রিনিদাদে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ক্যারিবীয়রা দুটি ম্যাচ খেলে দুটি জিতেছে আর কিউইরা আফগানিস্তানের কাছে হেরেছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। এছাড়া অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ১টায় বাঁচা-মরার ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে বিপদের ঝুঁকিতে ইংল্যান্ড।
এদিকে, চলতি বিশ্বকাপে পাকিস্তানকে হারের লজ্জা দেয়া যুক্তরাষ্ট্র গতকাল নিউইয়র্কে ‘এ’ গ্রুপ ম্যাচে ভারতকে কাঁপিয়ে দিলেও শেষ পর্যন্ত জিততে পারেনি। টস হেরে আগে ব্যাটিং করা যুক্তরাষ্ট্র ৮ উইকেটে ১১০ রান তুলতে সমর্থ হয়। আর্শদীপ সিং চারটি ও হার্দিক পান্ডিয়া দুটি উইকেট নেন। এরপর বোলিংয়ে শক্তি দেখায় স্বাগতিক মার্কিনরা। ১০ রানের মধ্যে দলটি তুলে নেয় ভারতের দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। দুটি উইকেটই নেন ভারতীয় বংশোদ্ভূত পেস বোলার সৌরভ নেত্রভালকার। যদিও এরপর সূর্যকুমার যাদবের লড়াকু ফিফটিতে ভর করে ৭ উইকেটের জয় পায় ভারত। যাদব ৫০ রানে অপরাজিত থাকেন। হার না মানা ৩১ রান করে তাকে সুযোগ্য সঙ্গ দেন শিবম দুবে। এ জয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে খেলা নিশ্চিত করল ভারত।
ভারতের জয়ে সুপার এইটে ওঠার আশা বেঁচে থাকল পাকিস্তানের। এজন্য আয়ারল্যান্ডের কাছে যুক্তরাষ্ট্রকে হারতে হবে এবং শেষ ম্যাচে পাকিস্তানকে জিততে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে।










