দিনাজপুরের হিলিতে আমন ধানের ক্ষেতে ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ রোধে আলোকফাঁদ উৎসব করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার সন্ধ্যায় হিলির ছাতনি চারমাথা মাঠে এ আলোকফাঁদ উৎসবের আয়োজন করা হয়। প্রথমে ক্ষেতের পাশে একটি স্ট্যান্ডে আলোকফাঁদ বসানো হয়, যেখানে একটি পানিভর্তি গামলা রাখা হয়, তার ওপর ঝোলানো হয় চার্জার লাইট। লাইটের আলো দেখে ধানক্ষেতে থাকা পোকা পানিভর্তি সে গামলায় এসে পড়ে, যা দেখে কৃষি অফিসের কর্মকর্তারা উপকারী বা ক্ষতিকর পোকা শনাক্ত করেন। একইভাবে বিষয়টি স্থানীয় কৃষকদেরও শিখিয়ে দেয়া হয়। তারাও যেন সেভাবে পোকার উপস্থিতি শনাক্ত করে ব্যবস্থা নেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, হাকিমপুর প্রেস ক্লাব সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান প্রমুখ।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা বলেন, আলোকফাঁদ উৎসবের মূল লক্ষ্য হচ্ছে মাঠে পোকার উপস্থিতি শনাক্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া। যদি ক্ষতিকর পোকার উপস্থিতি পাওয়া যায়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে পোকা দমন করে ফসলকে রক্ষা করা।