বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার মাঠে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারলেও এবার ঘরের মাঠে ব্যবধান কমাল বাংলাদেশ। গতকাল ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘সকারুস’খ্যাত দলটি ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। চার ম্যাচের মুখোমুখিতে এ নিয়ে অস্ট্রেলিয়ার কাছে চারবারই হারল বাংলাদেশ। চার ম্যাচে বাংলাদেশ হজম করেছে মোট ১৮ গোল!
২৬তম মিনিটে সতীর্থের ক্রসে স্লাইড করেও পা ছোঁয়াতে পারেননি দূরের পোস্টে থাকা নেস্ট্রয় ইরানকুন্ডা। ৩ মিনিট পর কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। নেস্ট্রয়ের ব্যাক পাস পেয়ে জোরালো শট নিয়েছিলেন আজদিন রুস্টিক। বল আটকাতে পা চালিয়েছিলেন মেহেদী হাসান। বল তার পায়ে লেগে দিক পাল্টে গোলকিপার মিতুল মারমাকে বোকা বানিয়ে জড়ায় জালে। ৬২ মিনিটে কুসিনি ইয়েঙ্গির হেডে ব্যবধান ২-০ করে অতিথি দলটি। তার হেডে বলটি বারঘেঁষে জালে প্রবেশ করে।
এ হারে পরের রাউন্ডে ওঠার আর কোনো সুযোগই থাকল না বাংলাদেশের। ‘আই’ গ্রুপে ৫ ম্যাচে মাত্র একটি ড্র করা বাংলাদেশের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট।










