গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্রেনের স্প্রেডারের লেসিং ছিঁড়ে একটি কনটেইনার ক্রেনের বিমের ওপর পড়ে যায়। এতে ক্রেন ও কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বন্দর সূত্রে জানা গেছে, ‘চ্যাং হাই’ নামের জাহাজ থেকে কোয়ে গ্যান্ট্রি ক্রেন-৪ (কিউজিসি-০৪)-এর মাধ্যমে একটি ৪০ ফুটের আমদানি কনটেইনার নামানোর সময় হঠাৎ স্প্রেডারের লেসিং ছিঁড়ে যায়। এতে কনটেইনারটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেনের বিমের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল কার্যকর করে।
দুর্ঘটনার কারণ উদঘাটনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) তাৎক্ষণিকভাবে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করেছে। একই রাতে দুর্ঘটনাকবলিত কনটেইনার অপসারণ ও সরঞ্জাম উদ্ধারের কাজ শুরু হয়।










