রাজধানীর মহাখালী বাস টার্মিনালে নারীদের জন্য দেশের প্রথম টয়লেট ‘অনন্যা’ উদ্বোধন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইডিশ দূতাবাসের সহযোগিতায় এটি নির্মিত হয়।

সোমবার (১৬ মার্চ) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এটি উদ্বোধন করেন। তিনি নারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে গৃহীত এ উদ্যোগকে স্বাগত জানান। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরো বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরো ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান।

শহরাঞ্চলে নিরাপদ ও মানসম্মত পাবলিক স্যানিটেশন নিশ্চিত করতে কাজ করছে ওয়াটারএইড বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় নারীদের বিশেষ চাহিদাকে গুরুত্ব দিয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে নির্মাণ করা হয়েছে এ টয়লেট। বেসরকারি সংস্থা ‘‌ভূমিজ’ এ টয়লেটটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে।

এতে নারীদের প্রয়োজন বিবেচনায় পরিকল্পনা ও নকশা করা হয়েছে। এখানে রয়েছে প্রতিবন্ধী নারীদের জন্য সহজে প্রবেশযোগ্য চেম্বার, যাতে শারীরিক প্রতিবন্ধকতা থাকা নারীরাও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন।

এ ছাড়া নারীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এখানে স্যানিটারি প্যাডের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন মায়েদের জন্য রয়েছে একটি ব্রেস্টফিডিং রুম এবং বেবি ডায়াপার পরিবর্তনের স্টেশন, যাতে শিশুসহ ভ্রমণকারী মায়েরা সহজেই তাদের শিশুর যত্ন নিতে পারেন।

অনন্যা

ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, এটি শুধু একটি টয়লেট নির্মাণ নয়, বরং নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ উদ্যোগকে অনুসরণ করে শহরজুড়ে নারীবান্ধব পাবলিক টয়লেট স্থাপনে এগিয়ে আসবে।

তিনি আরো বলেন, এ উদ্যোগ শহরের জনবহুল এলাকাগুলোতে নারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সম্মানজনক পরিবেশ তৈরিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।