রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫২, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে চলা তীব্র গ্যাস সংকট ও নিম্নচাপ নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসীরা।
আজ রোববার ‘বৃহত্তর পাটেরবাগ সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির মহাব্যবস্থাপক বরাবর এ স্মারকলিপি দেয়া হয়। মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ (দনিয়া, রায়েরবাগ)-এর উপমহাব্যবস্থাপকের মাধ্যমে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
সংগঠনের আহ্বায়ক মো. আবু হানিফ সরকার এবং সদস্য সচিব মাওলানা সেলিম হোসাইন আজাদীর নেতৃত্বে স্থানীয় বাসিন্দাদের গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপিটি জমা দেয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, কদমতলী, পাটেরবাগসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহে চরম অনিয়ম ও নিম্নচাপ বিরাজ করছে। অনেক সময় নির্ধারিত সময়ে গ্যাস পাওয়া যায় না। গ্যাস এলেও চাপ এতটাই কম থাকে যে স্বাভাবিকভাবে রান্নাবান্না করা সম্ভব হয় না। দীর্ঘদিন ধরে অনেক এলাকায় গ্যাস সরবরাহ একেবারেই না থাকার অভিযোগও করেছেন বাসিন্দারা।
এতে শিশু, বয়স্ক ও কর্মজীবী মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। বাধ্য হয়ে অনেক পরিবারকে অতিরিক্ত অর্থ ব্যয় করে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।
জনদুর্ভোগ নিরসনে স্মারকলিপিতে সাত দফা দাবি জানানো হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—জরুরি ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করে গ্যাস সংকটের প্রকৃত কারণ নির্ণয়, সংশ্লিষ্ট এলাকার গ্যাস লাইনের চাপ, পাইপলাইন, ভালভ, রেগুলেটরসহ অন্যান্য কারিগরি ব্যবস্থা পরীক্ষা এবং পুরনো, ক্ষতিগ্রস্ত ও ত্রুটিপূর্ণ পাইপলাইন সংস্কার।
এছাড়া অস্বাভাবিক গভীরে থাকা পাইপলাইন প্রয়োজন অনুযায়ী উঁচু করা, গ্যাস লাইনে পানি জমে থাকলে তা পরিষ্কার করে পানি প্রবেশের পথ বন্ধ করা, গ্যাসের চাপ ও সরবরাহ ঘাটতির মূল কারণ চিহ্নিত করে দীর্ঘমেয়াদি সমাধান এবং পর্যাপ্ত চাপসহ নিয়মিত ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সমস্যা সমাধানে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে এলাকাবাসীকে অবহিত করা এবং ভবিষ্যতে একই সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কারিগরি ও অবকাঠামোগত উন্নয়নেরও দাবি জানিয়েছেন তারা।










