ভূমিকম্পে পুরান ঢাকার কসাইটুলিতে বিল্ডিংয়ের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। খবরটি নিশ্চিত করেছে বংশাল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।
ভূমিকম্পে নিহতদের মধ্যে একজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বায়ান্ন ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম। তিনি বংশাল কসাইটুলীতে পরিবারসহ বসবাস করতেন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (২১ নভেম্বর) ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং ঢাকার আগারগাঁও এর আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার হতে ১৩ কিলোমিটার পূর্বে।









