বরিশালের হিজলায় নলকূপের পাইপ থেকে পানির বদলে বের হচ্ছে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস। জ্বলছে আগুন। বুধবার রাতে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ দৃশ্য দেখতে এলাকার শত শত মানুষ সেখানে ভিড় করছে। খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ।

স্থানীয়রা জানান, কোড়ালিয়া গ্রামের ইসরাফিল আকন তার ইরি ব্লকে সেচ দেয়ার জন্য বুধবার সকালে বাড়ির দক্ষিণ পাশে মিস্ত্রি ও শ্রমিক দিয়ে নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রমিকরা ৭০ ফুট বোরিং (গর্ত করা) করেন। কিন্তু পানি না ওঠায় তারা আরো বোরিং করার সিদ্ধান্ত নেন। ওই সময় পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার শব্দ হয়। গ্যাসের গন্ধের কারণে তাদের সন্দেহ হয়। তখন দেশলাইয়ের আগুন দিলে সেখানে জ্বলতে থাকে।

জমির মালিক ইসরাফল আকন জানান, ইরি ব্লকে সেচ দেয়ার জন্য নলকূপ বসানো হচ্ছিল। তবে ৭০ ফুট গভীরে যাওয়ার পরও পানির দেখা পাওয়া যায়নি। পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। রাতেই উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। এদিকে এটা দেখার জন্য উত্সুক মানুষ ভিড় করছে। সকাল থেকে শত শত মানুষ আসছে।

ইউএনও বকুল চন্দ্র কবিরাজ জানান, জায়গাটি আপাতত সংরক্ষণ করে রাখা হয়েছে। ওই গ্যাস থেকে যেন বড় কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য জমির মালিককে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধানের জন্য বাপেক্স ও পেট্রোবাংলাকে জানানো হয়েছে। তারা ওই এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ওই স্থান থেকে মাত্র ২০০ গজ দূরে কেরোসিন তেলের খনি ছিল যা সিসা ঢালাই করে বন্ধ করে দেয় রাশিয়ান একটি কোম্পানি। ইউএনও বলেন, পুরনো খনির বিষয়টি শুনেছি। এ বিষয়ে বাপেক্স ও পেট্রোবাংলা বলতে পারবে।