দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৭৯১। একই সময়ে ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৪৯ জন।
সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, ঢাকা বিভাগে ২০৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ২৩ জন ও সিলেট বিভাগে দুজন রয়েছেন।
অধিদপ্তর আরো জানায়, ২৪ ঘণ্টায় যে চারজন মারা গেছেন তাদের মধ্যে একজনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, একজনের ময়মনসিংহ বিভাগে ও দুজনের রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে। এ সময়ে ৮৯১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৭০২ জন।
২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।










