যুক্তরাষ্ট্রের নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে প্রয়াত এ মার্কিন প্রেসিডেন্টের প্রতি তিনি শ্রদ্ধা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়, দুপুর পৌনে ১২টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে প্রয়াত প্রেসিডেন্ট কার্টারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ড. ইউনূস। এ সময় দূতাবাসে খোলা শোক বইতে সমবেদনা জানিয়ে একটি বার্তা লেখেন তিনি।
প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে স্বাগত জানান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বউল্ডিন।
দূতাবাসে স্বল্প সময় অবস্থানকালে জিমি কার্টারের সঙ্গে নিজের দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণা করেন ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে কার্টারের বাড়িতে ভ্রমণের কথাও মেগান বউল্ডিনকে বলেন তিনি।
ড. ইউনূস বলেন, মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির বিষয়ে বিশ্বব্যাপী একজন চ্যাম্পিয়ন ছিলেন প্রেসিডেন্ট কার্টার। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে কার্টারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
১৯৮৬ সালে জিমি কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন প্রধান উপদেষ্টা। কার্টার সেন্টারের মাধ্যমে এ দেশে তার প্রভাব সৃষ্টিকারী কর্মকাণ্ডের ব্যাপক প্রশংসা করেন তিনি।










