দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা পৃথক দুই মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সহযোগী ও আরামিট পিএসি’র তিন সহকারী মহাব্যবস্থাপকের (এজিএম) পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

রিমান্ডকৃতরা হলেন— ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসি’র এজিএম মো. আব্দুল আজিজ (৩৯), ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসি’র এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৪), আরামিট পিএলসি এজিএম উৎপল পাল (৫১)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আসামিদের ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেন। এর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) মহাখালী শাখা থেকে ৪১ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ করায় গত ২৮ সেপ্টেম্বর দুদক-এর উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে আট জনের বিরুদ্ধে মামলা করেন।

ইউসিবি পিএলসি’র ফরেন এক্সচেঞ্জ শাখা থেকে ৬০ কোটি টাকা উৎকোচ গ্রহণ করায় ২২ সেপ্টেম্বর দুদক-এর উপ-সহকারী পরিচালক মো. সজীব আহমেদ বাদী হয়ে আট জনের বিরুদ্ধ মামলা করেন।