বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও রাজধানীর বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১১২ নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় একাদশ স্থান রয়েছে ঢাকার। বায়ুমান সূচক অনুসারে, বাতাসের এ মান বাসিন্দাদের জন্য ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, এদিন সকালে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ১৭২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় উগান্ডার কামপালা, ১৬১ স্কোর নিয়ে তৃতীয় ভারতের দিল্লি, ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ পাকিস্তানের লাহোর ও ১৩৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

এছাড়া ১২৪ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে সোদি আরবের রিয়াদ, ১১৭ স্কোর নিয়ে সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি, ফিলিপাইনের মেনিলা ও আফগানিস্তানের কাবুল। আর ১১৬ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে কঙ্গোর কিনসাসা।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।