জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি পেয়েছে ‘টাঙ্গাইল শাড়ির বুনন শিল্প’। ভারতের দিল্লিতে গতকাল অনুষ্ঠিত ইউনেস্কো কনভেনশনের ২০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এ স্বীকৃতিকে বাংলাদেশের জন্য ‘অসামান্য গৌরব’ বলে উল্লেখ করেন। তিনি এ অর্জনকে দেশের তাঁতি সমাজ ও সব নারীর প্রতি উৎসর্গ করেন। বাংলাদেশ প্রতিনিধি দলের এ দলনেতা বলেন, ‘দীর্ঘ দুই শতকের অধিক সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের অনবদ্য শিল্পকর্মের বৈশ্বিক স্বীকৃতি এটি। টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের সব নারীর নিত্য পরিধেয়, যা এ শাড়ি বুনন শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।’

চলতি বছরের এপ্রিলে প্যারিসে বাংলাদেশ দূতাবাস ইউনেস্কো সদর দপ্তরে ২০০৩ কনভেনশনের নির্ধারিত কাঠামো অনুযায়ী টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্পকে নিবন্ধনের জন্য আবেদন করে। প্রতিটি আবেদন প্রথমে একটি মূল্যায়ন কমিটি প্রাথমিক পর্যালোচনা করে। সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর আবেদনটি আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। কারিগরি দিক থেকে জটিল হলেও বাংলাদেশ দূতাবাস সম্পূর্ণ নিজস্ব দক্ষতায় নথিটি প্রস্তুত করে এবং তা গৃহীত হয়।

টাঙ্গাইল শাড়িকে ২০২৩ সালে নিজেদের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ঘোষণা করেছিল ভারত, যা নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ইউনেস্কোর এমন স্বীকৃতির ফলে ওই বিতর্কের অবসান ঘটবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।

এর আগে বাংলাদেশের বাউল গান (২০০৮), জামদানি বুনন শিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬), শীতলপাটি বুনন শিল্প (২০১৭) এবং ২০২৩ সালে ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়।