বাগেরহাটের মোল্লাহাটে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ চার প্রতারককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২৭ মার্চ) মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে চার প্রতারককে আটক করে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের কাদের সিকদার (২১), মাকসুদা আক্তার নিলা (২১) ও খালিদ সেখ (১৯)।  আটকদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল জেলার চরকানম গ্রামের রাকিব ওরফে রাশেদ (২৩) ঢাকার তেজগাঁওয়ে একটি কোম্পানিতে চাকরি করা অবস্থায় ফেসবুকে মাকছুদা আক্তার নীলার (২১) সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্রে ২৫ মার্চ বিকেলে রাকিব ওরফে রাশেদ ঢাকা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় আসেন। সেখানে পূর্ব থেকে অপেক্ষমান নীলা বেড়ানোর কথা বলে রাশেদকে একটি ইজিবাইকে তোলেন। কিছু দূর যাওয়ার পর ইজিবাইকে আরও ৪-৫ জন যুবক ওঠেন। তখন নীলা কৌশলে ইজিবাইক থেকে নেমে যায়। 

একপর্যায়ে যুবকরা মোল্লাহাট উপজেলার কামারগ্রাম এলাকার গুনির খালের মাথায় ফাঁকা জায়গায় এনে রাশেদের মোবাইল ও ১৯ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর মারধর করে দেড়লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে রাশেদকে উদ্ধারের জন্য তার পরিবারের লোকজন মোল্লাহাট থানায় আসে। 

পরে পুলিশ অভিযান চালিয়ে গুনির খাল এলাকা থেকে প্রতারণার স্বীকার রাকিব ওরফে রাশেদকে উদ্ধার করে। রাশেদের তথ্য অনুযায়ী নীলাসহ চারজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন কুমার দাস বলেন, প্রতারণার স্বীকার রাশেদকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।