পাঁচ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইয়াবাসহ বগুড়ার গাবতলী পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক (৪০) ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন। পরে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার গাবতলী পৌরসভাধীন সোন্দাবাড়ী ভবেরবাজার এলাকার মৃত চান এর ছেলে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক গত ২৫ জানুয়ারি রাত ৯টায় ভবের বাজারে অবস্থান করছিলেন। এ সময় বগুড়ার ডিবি পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাঁচ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইয়াবাসহ আশিককে গ্রেফতার করে বগুড়ায় নিয়ে যায়। 

বগুড়ার গাবতলী মডেল থানার ডিউটি অফিসার এসআই সুজাউদ্দৌলার সঙ্গে কথা বললে তিনি জানান, ফেনসিডিল-ইয়াবাসহ আশিকুর রহমান আশিককে বগুড়ার ডিবি পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় ২৬ জানুয়ারি বগুড়া জেলা গোয়েন্দা শাখার এসআই সাধক চন্দ্র রায় বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, আশিকুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এরআগেও একই অভিযোগে আশিকুর রহমান আশিককে গ্রেফতার করে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছিল।