বরিশাল বিভাগে মোট ১৫২ জন এইডস রোগী রয়েছেন। গতকাল বরিশালে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

সিভিল সার্জন জানান, এইডস আক্রান্তদের অধিকাংশই মাদকাসক্ত ও অনিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করে এ মরণব্যাধিতে আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, এখনো অনেক মানুষ যৌন সম্পর্ক বিষয়ে অসচেতন। এ কারণে অনেকে নতুন করে এইডস রোগে আক্রান্ত হচ্ছেন।