বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে মোহাম্মদ এরশাদ (৩৫) নামে এক বাংলাদেশী জেলে আহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে এ ঘটনা ঘটে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ আলম জানান, বুধবার সকালে একটি ট্রলারে ছয় জেলে সাগরে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে তারা সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্বে মিয়ানমারের কিছুটা ভেতরে প্রবেশ করেন। এ সময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করেন এবং ট্রলার লক্ষ্য করে গুলি চালান। এতে জেলে মোহাম্মদ এরশাদ গুলিবিদ্ধ হন। তবে ট্রলারে থাকা অন্য জেলেরা অক্ষত রয়েছেন।

গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ এরশাদ সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপার বাসিন্দা। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়। আহত এরশাদকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ জানান, বাংলাদেশী জেলেদের ট্রলারটি ভুলক্রমে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। তখন দেশটির নৌবাহিনীর সদস্যরা গুলি চালায়। এতে এক জেলে আহত হন। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।