চীনা নববর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে যৌথ অপেরা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) এ নাট্য প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং চীনের ‘ঝেজিয়াং উ অপেরা রিসার্চ সেন্টার’-এর শিল্পীরা অংশ নেন।

বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এ নাট্যকলা প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের থার্ড সেক্রেটারি মি. ঝুইয়ং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী ও চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চীনা নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বিরাজ করছে। শিক্ষা-গবেষণা ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশ একযোগে কাজ করছে। জ্ঞান, অভিজ্ঞতা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে দুই দেশের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চীনা নববর্ষ ২০২৫ উপলক্ষে ‘স্প্রিং ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে চীনের ‘ঝেজিয়াং উ অপেরা রিসার্চ সেন্টার’-এর একটি নাট্যদল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অপেরা নাটক প্রদর্শন করছে। সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে দলটি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। অনুষ্ঠানে ‘ঝেজিয়াং উ অপেরা রিসার্চ সেন্টার’-এর শিল্পীরা অপেরা সঙ্গীত, অ্যাক্রোবেটিক, দলীয় নৃত্য, সর্পনৃত্যসহ নানা ধরনের নান্দনিক পরিবেশনার মাধ্যমে তাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। নাট্যিক পরিবেশনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা দেশজ নাট্যের বিভিন্ন দিক তুলে ধরেন।