এবারের দ্বিপক্ষীয় অনুশীলনে উভয় দেশের ১৬০ জনেরও বেশি সেনাসদস্য অংশ নিচ্ছেন। বাস্তবমুখী ও প্রতিকূল পরিস্থিতিতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে।

গতকাল বাংলাদেশে মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এবারের ‘টাইগার লাইটনিং ২৬’ অনুশীলনে মূলত দুর্গম বনাঞ্চলে অভিযান (জঙ্গল অপারেশন), সন্ত্রাসবাদ দমন এবং যুদ্ধকালীন জরুরি চিকিৎসাসেবা বা ‘ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার’-এর ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এ অনুশীলনের মাধ্যমে উভয় দেশই একে অন্যের সামরিক সক্ষমতা ও রণকৌশল সম্পর্কে জানার সুযোগ পাবে।

মহড়াটি ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের ‘থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান’ এবং নিরাপত্তা সহযোগিতা লক্ষ্যের একটি অংশ। এর মূল উদ্দেশ্য হলো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাদার সম্পর্ক জোরদার করা, সামরিক অভিযানের গুণগত মান উন্নত করা, বাহিনীর সার্বিক প্রস্তুতি বাড়ানো এবং মার্কিন ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরো সুদৃঢ় করা।