চীন থেকে ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মো. আবু জাফর। একই সঙ্গে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর গ্রিন গার্ডেনে আমেরিকান ওয়েলনেস সেন্টার আয়োজিত এক সেমিনারে তিনি এ পরামর্শ দেন। তিনি বলেন, ‘বিশ্বে এইচএমপিভি ভাইরাস নামের একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে গণমাধ্যমে আসছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে বলে জানানো হচ্ছে। তবে দেশে এখনো এর কোনো প্রভাব পড়েনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আমাদেরকে একটি মেইল পাঠিয়েছে, সেখানে বলা হয়েছে ভাইরাসটি এখনো মারাত্মকভাবে ছড়িয়ে পড়েনি। তবে আমরা এ বিষয়ে সচেতন করছি। আমরা করোনার সময় যেভাবে মুখে মাস্ক, হাতে গ্লাভস ও হাত ধোয়াঁর অভ্যাস করেছি এখনো সেগুলো করতে হবে। ভাইরাস ছড়িয়ে পড়ার আগেই আমাদের সচেতন থাকতে হবে।’
আমেরিকান ওয়েলনেস সেন্টার আয়োজিত বৈজ্ঞানিক স্বাস্থ্য সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। কিন্তু সুস্থ থাকার জন্য যতটুকু সচেতন থাকা প্রয়োজন সেটি থাকছি না। আমরা ছোটবেলা থেকে মাঠে খেলাধুলা করে বড় হয়েছি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেটি করতে পারছে না। সুস্থ থাকার জন্য প্রয়োজন শরীরচর্চা, কায়িক পরিশ্রম। আমরা যারা অভিভাবক তাদেরকে আগে সচেতন হতে হবে। আমার ছেলেকে সুস্থ রাখার জন্য তার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এ প্রজন্ম হয়তো ভালো ফলাফল দেবে কিন্তু সে শারীরিকভাবে কতটুকু সুস্থ সেটি নিয়েও ভাবতে হবে। এজন্য প্রয়োজন সচেতনতা। এ বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
সেমিনারে মুখ্য আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিনের কনসালট্যান্ট অধ্যাপক ড. এম. মুজিবুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার একটি বড় পার্থক্য রয়েছে। চিকিৎসা ব্যবস্থাকে উন্নত একটি জায়গায় নিয়ে গেছে তাদের গবেষণা। যার ফলে করোনার মতো মহামারী আমরা পেরিয়ে আসতে পেরেছি। পৃথিবীর দুই বিলিয়ন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত। সেটি ডায়াবেটিস থেকে শুরু করে হৃদরোগ, ক্যান্সারের মতো মরণব্যাধি রোগ। কিন্তু এসব কঠিন রোগ থেকেও সুস্থ হওয়া সম্ভব। তবে সেটার জন্য প্রয়োজন সচেতনতা। সুস্থ থাকতে হলে আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। খাবার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। এমন খাদ্যাভ্যাস প্রয়োজন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। আমরা শহর, নগর তৈরিতে ব্যস্ত কিন্তু সুস্থ শরীরের জন্য কিছু করছি না।’ বক্তব্য শেষে তিনি রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে পরামর্শ দেন।
সেমিনারে আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মো. মাহাবুবুল হকের সভাপতিত্বে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোজাম্মেল হক, ইউনাইটেড ইউনিভার্সিটির অধ্যাপক এ মামুন।










