ঝালকাঠিতে এক কিশোরীকে ধর্ষণের মামলায় সোহেল ঘরামী (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। গতকাল দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শেখ. মো. তোফায়েল হাসান এ রায় দেন।

সোহেল ঘরামী নলছিটি উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের আইয়ুব আলী ঘরামীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩ মে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করেন সোহেল ঘরামী। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সোহেল তাকে বিয়ে করতে অস্বীকার করেন। এ ঘটনায় কিশোরীর বাবা ওই বছরের ১৭ সেপ্টেম্বর আদালতে একটি মামলা করেন। মামলাটি আমলে নিয়ে আদালত নলছিটি থানার ওসিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পুলিশের প্রতিবেদন পাওয়ার পরে আদালত সোহেলের বিরুদ্ধে ২০১৩ সালের ১৮ নভেম্বর অভিযোগ গঠন করেন। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল এ মামলার রায় ঘোষণা করা হয়।