যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর), জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বুধবার (২৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নে আধুনিক ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে স্মল মডুলার রিঅ্যাক্টরের (এসএমআর) সম্ভাবনা বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ, নিরাপদ, সুরক্ষিত ও দায়িত্বশীল ব্যবহারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রসহ প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশগুলোর সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করা প্রয়োজন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বাংলাদেশে জ্বালানি ও পারমাণবিক প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। আধুনিক পারমাণবিক প্রযুক্তি এবং এসএমআরের উন্নয়ন ও সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তুলে ধরেন তিনি।

দুদেশের মন্ত্রীর আলোচনায় শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা, এসএমআর প্রযুক্তি, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা ও সহায়তা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরো গভীর করার পাশাপাশি পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি এবং জ্বালানি খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ।

বাংলাদেশ সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নত প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিয়ে আসছে। সম্প্রতি উন্নত পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সম্ভাবনা নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময় করছে বাংলাদেশ।