নবাগত উগান্ডার বিপক্ষে ওপেনিং জুটিতে ১৫৪ রান তোলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এ পথে গড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সেরা ওপেনিং জুটির রেকর্ড। এরপর আগুন ঝরানো বোলিংয়ে ফজলহক ফারুকি ৯ রানে নিয়েছেন ৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটা চতুর্থ সেরা বোলিং ফিগার। এ তিনজনের ঝলমলে পারফরম্যান্সে বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল আফগানিস্তান। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গতকাল আফ্রিকান দেশ উগান্ডাকে রশিদ খানের দল হারিয়েছে ১২৫ রানে।
২০২১ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানে জিতেছিল আফগানিস্তান। তার পরই গতকালের ১২৫ রানের জয়টি জায়গা করে নিল।
গতকাল ১৮৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই ম্যাচ থেকে ছিটকে যায় উগান্ডা। পাওয়ার প্লেতে ২১ রান তুলতে ৫ উইকেট হারায় তারা। প্রথম ওভারে পরপর দুই বলে রোনাক প্যাটেল ও রজার মুকাসাকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ফারুকি। রিয়াজাত আলী শাহ হ্যাটট্রিকের শিকার থেকে বেঁচে গেলেও পরের ওভারে সাইমন সেসাজিকে সাজঘরে ফেরান মুজিব উর রহমান। তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসেই দুই উইকেট শিকার করেন নবীন-উল-হক। এতে উগান্ডার স্কোর দাঁড়ায় ১৮/৫।
রিয়াজাত ও রবিনসন ওবুয়া ষষ্ঠ উইকেটে ৭.৩ ওভার ব্যাটিং করে বোর্ডে ২৯ রান যোগ করেন। এরপর ফারুকি আক্রমণে এসে লণ্ডভণ্ড করেন উগান্ডার ব্যাটিং লাইনআপ। ১৬ ওভারে ৫৮ রানে শেষ হয় তাদের ইনিংস। উগান্ডার হয়ে সর্বোচ্চ ১৪ রান করেছেন রবিনসন ওবুয়া। প্রথমবারের মতো ৫ উইকেট নেয়া ফারুকির বোলিং ফিগার টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ সেরা। শ্রীলংকার অজন্তা মেন্ডিস (৬/৮) ও রঙ্গনা হেরাথ (৫/৩) এবং পাকিস্তানের উমর গুলেরই (৫/৬) শুধু তার চেয়ে ভালো বোলিংয়ের রেকর্ড রয়েছে।
প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া উগান্ডাকে ১৮৪ রানের টার্গেট দেয় আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে মাত্র আইপিএল জিতে আসা রহমানউল্লাহ গুরবাজ উগান্ডার বিপক্ষে দাঁড় করালেন দেড়শ ছাড়ানো ওপেনিং জুটি। ২০২২ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ওপেনিং জুটিতে রেকর্ড ১৭০ রান তুলেছিলেন ইংল্যান্ডের জস বাটলার ও অ্যালেক্স হেলস। তার পরই গুরবাজ ও জাদরানের ১৫৪ রান।
ধারণা করা হচ্ছিল, এ ম্যাচেই হয়তো বিশ্বকাপে প্রথমবারের মতো ২০০ পেরোনো ইনিংস দেখবে ক্রিকেট বিশ্ব। তবে কিছুটা হতাশ হতেই হলো আফগানিস্তানের শেষ দিকের ব্যাটিংয়ে। আর উগান্ডা ডেথ ওভারে উপহার দিল পিকচার পারফেক্ট বোলিং। শেষ ৫ ওভারে তারা দিয়েছে মোটে ২৫ রান। ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলা আফগানিস্তান ২০ ওভারে করল ৫ উইকেটে ১৮৩।
আফগানিস্তানের পক্ষে ৪৫ বলে ৪ ছক্কা ও ৪ চারে সর্বোচ্চ ৭৬ রান করেন গুরবাজ। জাদরান ৪৬ বলে ৯ চার ও ১ ছক্কায় করেন ৭০ রান। এ দুজনের উদ্বোধনী জুটি তুলল ১৫৪ রান। এরপর নাজিবুল্লাহ জাদরান ২, গুলবাদিন নাইব ৪ আর আজমতউল্লাহ ওমরজাই ফেরেন ৫ রানে। মোহাম্মদ নবী করেছেন ১৬ বলে ১৪। গুরবাজ ও জাদরান ছাড়া আফগানদের হয়ে বাউন্ডারি হাঁকাতে পারেননি কেউই।
উগান্ডার হয়ে ২টি করে উইকেট পেয়েছেন ব্রায়ান মাসাবা ও কসমাস কুয়েটা। বাকি উইকেটটি পান রামজানি।










