ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে নৌপথ দুটিতে আবার নৌযান চলাচল শুরু হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর আগে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা একটি ফেরি ঘাটের অদূরে নোঙর করে। পাটুরিয়া ঘাটে ছয়টি এবং দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি নোঙর করা হয়।

অন্যদিকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট রুটেও প্রায় সাড়ে আট ঘণ্টা বন্ধের পর আজ সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। গতকাল দিবাগত মধ্যরাত ১২টা ৪০ মিনিটের দিকে এ পথে ফেরি বন্ধ হয়। এর আগে আরিচা থেকে ছেড়ে যাওয়া ধানসিঁড়ি এবং কাজিরহাট থেকে ছেড়ে আসা শাহ আলী ও চিত্রা নামের তিনটি ফেরি নদীতে নোঙর করে। ফেরি বন্ধ হওয়ায় উভয় ঘাটে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবরের সত্যতা নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, টানা দ্বিতীয় দিনের মতো কুয়াশায় গুরুত্বপূর্ণ দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। রাত বাড়ার সঙ্গে কুয়াশা বাড়লে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে যানবাহন লোড নিয়ে ছেড়ে আসা কেটাইপ (মাঝারি) ফেরি গোরী কিছু দূর এগোনোর পর ভারী কুয়াশার কবলে পড়ে দুর্ঘটনা এড়াতে নোঙর করে।