যশোরে ক্রেতা সেজে মাদকবিক্রেতাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন চৌগাছা থানার এএসআই জিকুল আলী। তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযান চালিয়ে রাতেই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মাদক ব্যবসায়ীর হামলায় আহত পুলিশ কর্মকর্তা জিকুল আলীকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন। আটক মাদক ব্যবসায়ী চাঁদপাড়া গ্রামের নবিছদ্দিনের ছেলে শাহিন আলম পাপ্পু।

চৌগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, চৌগাছা থানার পুলিশ কর্মকর্তারা সোর্সের মাধ্যমে জানতে পারেন চাঁদপাড়া গ্রামের নবিছদ্দিনের ছেলে শাহিন আলম পাপ্পু ও তার ভাই জাকির হোসেন রাসেল এবং একই গ্রামের আহম্মদ আলীর ছেলে সোহাগ দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে চৌগাছা থানা পুলিশের প্রায় প্রত্যেকটি অভিযানই সফল হয়েছে। সেই মোতাবেক ক্রেতা সেজে পুলিশের একটি দল চুক্তি অনুযায়ী চাঁদপাড়া গ্রামের পূর্ব মাঠের মেহগনি বাগানে পৌঁছায়। মাদক ব্যবসায়ী রাসেল পুলিশের সঙ্গে দরদাম ঠিক করছিল। এ সময় তার ভাই পাপ্পু রাতের আঁধারে পেছন থেকে এসে অতর্কিতভাবে ধারালো হাসুয়া দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের অন্য সদস্যরা একটু দূরে থাকার সুযোগে হামলা চালিয়ে তারা পালিয়ে যায়।

পরে পুলিশের অন্য সদস্যরা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে ধারালো হাসুয়া ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে শাহিন আলম পাপ্পুকে আটক করেছে পুলিশ।