বগুড়ার শেরপুরে বাঁশবাগানে খেলার সময় গর্তে মাটিচাপা পড়ে ভাই সাব্বির হাসান (৪) মারা গেছে এবং তার বোন আমেনা খাতুন (৬) গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। আমেনাকে উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে টুনিপাড়া গ্রামের আব্দুল মান্নান ও আব্দুল হান্নানের মালিকানাধীন বাঁশবাগানের বাঁশগুলো উপড়ে যায়। এতে বড় গর্তের সৃষ্টি হয়। বেলা ১০টার দিকে একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাব্বির হাসান ও আমেনা খাতুন বাঁশবাগানটির মধ্যে খেলা করছিল। একপর্যায়ে বাগানে সৃষ্ট গর্তের মধ্যে পড়ে যায় এবং গর্তের ওপরের অংশের মাটির চাপ ভেঙে তাদের ওপর পড়ে। এতে দুই শিশু মাটিচাপা পড়ে। জানতে পেরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে শিশু দুটিকে উদ্ধার করেন। সেই সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাব্বির হাসানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত আমেনা খাতুনকে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁশবাগানে মাটিচাপা পড়ে নিহত শিশু সাব্বিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর তার বোন বগুড়ায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাদের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।