আসন্ন নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই চট্টগ্রাম বন্দরে আন্দোলন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা না হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা জানান, তিনি ব্যক্তিগতভাবে চট্টগ্রাম বন্দরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু আলোচনার পরও তারা নতুন নতুন দাবি সামনে আনছে, যেগুলো রাজনৈতিক দাবির মতো হয়ে উঠছে।

উপদেষ্টা আরো বলেন, নির্বাচন ঘনিয়ে আসার মুহূর্তে এমন গুরুত্বপূর্ণ জায়গার পরিস্থিতি অস্থিতিশীল হলে সেটি সারা দেশে আলোচনার বিষয় হয়ে দাঁড়াতে পারে। আর এ লক্ষ্যকে কাজে লাগিয়েই সেখানে গোলযোগ তৈরির চেষ্টা চলছে বলে তিনি মনে করছেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, গুটিকয়েক মানুষ দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করছে। আর এটি কোনোভাবেই চলতে দেয়া যায় না। এ কারণে সরকার কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বাকিদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।