অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সুইট মিট, রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন করে নামী-দামি মিষ্টির দোকানে সরবরাহের অভিযোগে মিরপুরের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে নামবিহীন ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ লাইসেন্স গ্রহণ না করেই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করে প্রতারণা করে আসছিলো।

অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

সেখানে উৎপাদিত মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, নেভি মুসলিম সুইটস, রসের হাড়ি ও কালশীর মোড় এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হয় বলে অভিযানে জানায় যায়। বিষয়টি উদ্বেগজনক কারণ, ভোক্তারা নামী-দামি ব্র্যান্ডের দোকান থেকে মিষ্টি কিনলেও সেগুলো কোথায়, কী পরিবেশে এবং কীভাবে উৎপাদিত হচ্ছে সে বিষয়ে অবগত থাকেন না।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলামের নেতৃত্বে এবং এপিবিএন-১১-এর সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী সতর্কতামূলকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠানের মানোন্নয়ন, বিএসটিআইয়ের মান সনদ ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করে কেবল অনুমোদিত পণ্য বাজারজাত করার নির্দেশ দেয়া হয়।

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) নুর জাহান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।