বণিক বার্তা বরিশাল জেলা প্রতিনিধি এম. মিরাজ হোসাইনের তিন দফা নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৩ আগস্ট) বরিশাল নগরী ও মেহেন্দিগঞ্জ উপজেলায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর গ্রামের মিয়াবাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৮টায় বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় নিজ বাড়িতে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

পরে সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের বাড়িতে নেয়া হয়। সেখানে বাদ জোহর তৃতীয় ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর গ্রামের মিয়াবাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, গতকাল বেলা দেড়টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । তার বয়স হয়েছিল ৪৯ বছর। মিরাজ হোসাইন বাবা, স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে বরিশালের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বরিশাল প্রেস ক্লাব তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বার্তা সম্পাদক ফোরাম, সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
এছাড়া শোক প্রকাশ করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।










