পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। আজ শনিবার (৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। 

আগামীকাল রোববার (৪ আগস্ট) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে এদিন ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া সারা দেশে অন্যান্য এলাকায় স্কুল খোলার কথা ছিল।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।