নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জয় (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮), মো. শাহজালাল। এদের মধ্যে দুইজন শঙ্কামুক্ত হলেও বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা রুবেল নামে এক ব্যক্তি জানান, রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝাঁলাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তবে কার কত শতাংশ পুড়ে গেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।