লালমনিরহাট ও নীলফামারীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া সোমবার (২২ জানুয়ারি) ও মঙ্গলবার (২৩ জানুয়ারি) মাধ্যমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলার সব প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।
সোমবার সকালে নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন সকালে ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
নীলফামারী জেলা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক হাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে স্কুল বন্ধের এ তথ্য জানা যায়। এছাড়া জেলা প্রাথমিকে শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকেও একই আদেশ জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২২ ও ২৩ জানুয়ারি নীলফামারী তাপমাত্রা ৮.৮ ডিগ্রির নিচে থাকবে। ফলে সরকারি নির্দেশনা এ দুই দিন জেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো।
অন্যদিকে, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ জানিয়েছেন, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।










