রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন রাজবাড়ীর নজরুল ইসলাম (৪৭)। নিখোঁজ হওয়ার দীর্ঘ ৭ মাস পর বুধবার (৮ অক্টোবর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিহত নজরুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত হাতেম আলী ফকিরের ছেলে। পরিবার সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন। ২০২০ সালে অবসরে যান। এর আগে, ২০১৩ সালে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেন তিনি। অবসরের পর কিছুদিন বাড়িতে থাকলেও পরে বাঁধাই মালের ব্যবসা শুরু করেন। কিন্তু ব্যবসায় বড় লোকসান গুনতে হয়।
আর্থিক সংকটে পড়লে স্থানীয় এক দালাল ফরিদ হোসেন তাকে রাশিয়ায় ‘শপিং মলে নিরাপত্তাকর্মীর চাকরির’ প্রলোভন দেখান। পরিবারের আপত্তি উপেক্ষা করে নজরুল ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশে যাত্রা করেন। সেখানে পৌঁছানোর পর তাকে এক মাসের সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয় এবং পরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।
পরিবারের সঙ্গে নজরুলের সর্বশেষ কথা হয় ৩০ এপ্রিল। সেদিন তিনি স্ত্রীকে ফোনে বলেন, ‘টাকা পাঠানো হলো না, দ্রুত যেতে হচ্ছে। যদি ফোন বন্ধ পাও, ধরে নিও আমি আর বেঁচে নেই।’ সেটিই ছিল তার জীবনের শেষবার্তা। এরপর থেকে আর কোনও যোগাযোগ হয়নি।
দীর্ঘ সাত মাস ধরে পরিবারের সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে যোগাযোগ করলেও কোনো খবর পাননি। অবশেষে বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনে জানানো হয়, নজরুল ইসলাম ইউক্রেনের যুদ্ধে নিহত হয়েছেন।










