দুর্গা পূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর একদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন ছুটি হলে দুর্গা পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচদিনের ছুটি থাকবে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারি তালিকা অনুযায়ী, দুর্গা পূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এরপরের দিন ২২ অক্টোবর অফিস খোলা। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদিন নির্বাহী আদেশে ছুটির পরিকল্পনা করা হচ্ছে। কারণ এর পরের দুদিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি। ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলে ২০-২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। তবে বিষয়টির চূড়ান্ত অনুমোদন দেবে মন্ত্রিসভা।