সুবিধাবঞ্চিত ও স্কুলপড়ুয়া শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই; সংকটের সামনের সারিতে মেয়েরা’—এ বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ থেকে ১৩ অক্টোবর রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের আলোক অডিটরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এ আয়োজনে শিশুদের অংশগ্রহণ ও সৃজনশীল প্রকাশ ছিল প্রধান আকর্ষণ। চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার মাধ্যমে কন্যাশিশুরা তাদের ভাবনা, নেতৃত্বের সক্ষমতা ও স্বপ্নের সমাজ গড়ার আকাঙ্ক্ষা তুলে ধরে। পাশাপাশি স্থানীয় পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সৃজনশীল পরিবেশনায় অংশ নেয়।

WhatsApp Image 2025-10-13 at 5.19.38 PM

অনুষ্ঠানে ‘মায়ের আঁচল আশ্রয়কেন্দ্রের’ শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে, যা উপস্থিত সবার মন জয় করে। আয়োজনে ১৮৫ জন শিশুর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ৭৫ জন অংশগ্রহণকারীকে স্মারক হিসেবে টি-শার্ট দেয়া হয়, বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।

শিশুদের অনুপ্রেরণা দিতে এবার অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি রাখা হয়নি; বরং প্রতিটি শিশুকেই সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের নাগরিক, স্বাধীনতা ও সেফ প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।