স্থানীয়রা বলছেন, দুর্ঘটনার আগে গাড়িটিতে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গতকাল সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরো চারজনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

বগুড়া: ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় পৌঁছলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার মাঝখানের আইল্যান্ডে ধাক্কা রেগে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে একজন ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। নিহতরা হলেন মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭), যাত্রী শিউলী বেগম (৪৮) ও তায়েবা খাতুন (৩৫)। পুলিশ তাদের পরিচয় শনাক্তে কাজ করছে।

বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন জানান, ঘটনাস্থলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থাও গুরুতর ছিল।

রাজশাহী: পুঠিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বানেশ্বর কলাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাওসার (২৬) ও তার ছেলে রেদোয়ান (৫)। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি ইউনিয়নের শলুয়া গ্রামে। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক খান এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম: পটিয়ায় তিন বাসের সংঘর্ষে বাঁশি মোহন দাশ নাম এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। গতকাল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলুয়ার দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসগুলো জব্দ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

ঝিনাইদহ: মহেশপুরে ট্রাকের ধাক্কায় ফুলঝুরি বেগম (৪৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে তার ছেলে লাভলু। গতকাল সকালে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।