রাজশাহীর তালাইমারি মোড়ে অবস্থিত আরডিএ কমপ্লেক্সকে ‘জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র’ করার দাবিতে স্মারকলিপি দিয়েছে রাজশাহীর জুলাই যোদ্ধা ও সুশীল সমাজ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম তুহিনুর আলমকে এ স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন জুলাই ইতিহাস-সাংস্কৃতিক কেন্দ্র রক্ষা আন্দোলনের আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আবদুল আউয়াল, নজরুল পরিষদের সভাপতি কবি মোস্তাক রহমান, রাবির ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম সারোয়ার সুজন, উর্দু বিভাগের অধ্যাপক শামীউল ইসলাম, ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন, জুলাই-৩৬ পরিষদের মূখ্য সংগঠন ফয়সাল আহমেদ সহ। এ স্মারকলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আরএমপি কমিশনার ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে প্রদান করা হয়।
স্মারকলিপি দেয়া ব্যক্তিরা জানান, চব্বিশের জুলাই-আগস্ট মাসে মতিহার চত্ত্বরে আন্দোলন-সংগ্রাম ও ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের ইতিহাস রয়েছে। আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষের মনে তা দাগ কেটে গেছে। যা পরবর্তীতে ‘জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র’ করার ব্যাপারে বিষয়টি আলোচনায় ছিল। আরডিএ কর্তৃপক্ষ কাউকে না জানিয়ে জায়গাটি ভাড়া দেয়।
আরডিএ চেয়ারম্যান স্মারকলিপি গ্রহণ করে এসএম তুহিনুর আলম স্মারকলিপি দেয়া ব্যক্তিদের বলেন, আরডিএ কমপ্লেক্সটি দীর্ঘদিন যাবৎ পড়ে থাকার কারণে নষ্ট হচ্ছিল। কেউ আমাদের কাছে জুলাই স্মৃতি সংগ্রশালা কিংবা সংস্কৃতি কেন্দ্র করার বিষয়ে কোনো প্রকার প্রস্তাব দেয়নি। আমরা বিষয়টি নিয়ে এরই মধ্যে মন্ত্রণালয়ে কথা বলেছি। আমরাও চাচ্ছিলাম রাজশাহীর জ্যেষ্ঠ ব্যক্তিরা ও জুলাইয়ের স্টেক হোল্ডারদের কাছে থেকে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা আমাদের কাছে আসুক। আমরা এমন যৌক্তিক দাবি-দাওয়া হাতে পেলে তা বাস্তবায়নের চেষ্টা করব।










